কুমিল্লার বরুড়ার উপজেলার রাজমিস্ত্রি সজিব হোসেন (৩২)কে অপহরণের তিন দিন পর কক্সবাজারের উখিয়া ইনানী সৈকত থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
মুক্তিপণ না পাওয়ায় অপহরণকারীরা তাকে নৃশংসভাবে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশগতকাল বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় উখিয়া থানার ইনানী বীচ এলাকায় সাগরের পাড় থেকে সজিবের মরদেহ উদ্ধার করা হয়। তিনি বরুড়া উপজেলার ভাউকসার গ্রামের কামাল হোসেন ও জাহানারা বেগমের ছেলে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে চিকিৎসার জন্য সজিব কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর সজিবের বাবা কামাল হোসেন কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন ।ডায়েরির পরদিন অপহরণকারীরা তার বাবার ফোনে যোগাযোগ করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে পরিবার মুক্তিপণ দিতে ব্যর্থ হয়। এরপর অপহরণকারীরা সজিবকে পিটিয়ে হত্যা করে কক্সবাজারের ইনানী সৈকতে মরদেহ ফেলে রেখে যায়। পুলিশ জানায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে। এ বিষয়ে বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক বলেন, “সজিব হোসেন নিখোঁজ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে ডায়েরি করা হয়েছিল। পরে মুক্তিপণের দাবিও আসে। শেষ পর্যন্ত মুক্তিপণ না পেয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার রাতে নিহতের বাবার কাছে হস্তান্তর করা হবে।