কুমিল্লার লাকসামে ধর্ষণ, গর্ভপাত ও অপহরণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সুফিয়ান মজুমদার শামীমকে (২২) গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১৯ অক্টোবর) সকালে তাকে আদালতে পাঠিয়েছে লাকসাম থানা পুলিশ। এর আগে রোববার রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় এর আগে আলামিন (২১) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, অপহরণের পর তাকে জোরপূর্বক ধর্ষণ, শারীরিক নির্যাতন, অবৈধ গর্ভপাত এবং মাদক সেবনে বাধ্য করা হয়। পরে ১০ এপ্রিল প্রথমবার ভুক্তভোগীকে উদ্ধার করা হলেও চিকিৎসাধীন অবস্থায় ২০ এপ্রিল পুনরায় অপহরণের অভিযোগ ওঠে। পরবর্তী সময়ে ২৩ জুন দ্বিতীয়বার তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ২৪ জুন লাকসাম থানায় মামলা (জিআর-২১) দায়ের করা হয়।
মামলার প্রধান আসামি সুফিয়ান মজুমদার শামীম (২২) পশ্চিমগাঁও এলাকার শাহজাহান মজুমদারের ছেলে। অন্যদিকে, এ মামলার আরেক আসামি আলামিন (২১) গোবিন্দপুর এলাকার ওয়ারদুল হকের ছেলে এবং শাহজাহান (৫৫) পশ্চিমগাঁও এলাকার মৃত সিদ্দিক মজুমদারের ছেলে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে।
মামলার বাদী ও ভুক্তভোগীর মা ফারহানা মাহমুদা বর্ণা বলেন, মেয়ের ন্যায়বিচারের জন্য অপেক্ষা করছি। আমি আইজিপি, ডিআইজি (চট্টগ্রাম রেঞ্জ) ও কুমিল্লার পুলিশ সুপারের কাছে বিষয়টি অবহিত করেছি। এরপর পুলিশ সদর দপ্তর থেকেও যোগাযোগ করা হয়েছে। আমি সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করছি।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুননাহার লাইলী বলেন, মামলার প্রধান আসামি শামীমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এর আগে এ মামলার দুই নম্বর আসামি আলামিনকেও গ্রেপ্তার করা হয়েছে।