একটি মিথ্যা যখন প্রতিষ্ঠা পায়, তখন তার নির্মাতারা তৃপ্ত হয় না , তারা আরও বড় শিকার খোঁজে। ঠিক তেমনই, আমাকে ও তরুণকে ঘিরে যে ফেক নিউজের বিষাক্ত বীজ বপন করা হয়েছিল, সেই একই চক্র পরে আরেকটি নীলনকশা আঁকতে শুরু করে। তাদের ধারণা ছিল তরুণকে মানবকণ্ঠ থেকে সরাতে পেরেছি, এবার শাহাজাদা এমরানকে দৈনিক দিনকাল থেকেও সরিয়ে দিই।
এই উদ্দেশ্যে তারা নানাভাবে চেষ্টা-তদবির চালায়। কোথাও ফিসফাস, কোথাও কুৎসা, কোথাও উদ্দেশ্যপ্রণোদিত গল্প সব মিলিয়ে সাংবাদিকতার নাম ভাঙিয়ে চালানো হয় এক ধরনের টাউট-বাটপারির রাজনীতি। তারা ভেবেছিল, একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরেকটি প্রতিষ্ঠানের কান ভারী করা খুব সহজ কাজ।
কিন্তু এই নোংরা চক্র একটি বিষয় ভুলে গিয়েছিল,মানবকণ্ঠ আর তারেক রহমান মহোদয়ের দৈনিক দিনকাল এক জিনিস নয়। দৈনিক দিনকাল কেবল একটি সংবাদপত্র নয়; এটি একটি পেশাদার সাংবাদিক তৈরির প্রতিষ্ঠান, যেখানে নৈতিকতা, সততা ও দায়িত্ববোধই মূল মাপকাঠি। এখানে চিটার, ব্ল্যাকমেইলকারী কিংবা সাংবাদিক নামের নর্দমার কীটদের কথায় কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না। দিনকাল কর্তৃপক্ষ সম্পূর্ণ পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। তারা কোনো গুজব, কোনো ফেক নিউজ, কোনো ব্যক্তিগত বিদ্বেষকে আমলে না নিয়ে সত্য যাচাই করেছে, বাস্তবতা পর্যবেক্ষণ করেছে। একদিকে যেমন তারা মহান আল্লাহর রহমতে আমার সম্মান ও পেশাগত মর্যাদা অক্ষুণ্ণ রেখেছে, অন্যদিকে তেমনি হলুদ সাংবাদিকতার এই ষড়যন্ত্রকে সমূলে উৎপাটিত করে দিয়েছে।
এই অধ্যায়ে এসে আমি আবারও আল্লাহর দরবারে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করি। এত বড় নোংরামি, এত ঘৃণ্য অপচেষ্টার মাঝেও দৈনিক দিনকাল কর্তৃপক্ষ আমার প্রতি যে শতভাগ আস্থা ও বিশ্বাস রেখেছেন তা আমার কাছে শুধু পেশাগত স্বীকৃতি নয়, এটি নৈতিক বিজয়েরও প্রতীক।
এই ব্যর্থ ষড়যন্ত্র প্রমাণ করে মিথ্যা যতই কৌশলী হোক, পেশাদারিত্ব ও সত্যের সামনে তার স্থায়িত্ব নেই। সময়ের বিচারে সত্যই শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে, আর ষড়যন্ত্র নিজের ভারেই ধসে পড়ে।
একটি সাজানো মিথ্যার দলিল : আমাদের বিরুদ্ধে প্রচারিত ফেক নিউজ নিচে যে তথাকথিত সংবাদটি তুলে ধরা হলো, সেটি আমাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে তৈরি করা একটি ফেক নিউজের পূর্ণাঙ্গ নমুনা। এই ভুয়া সংবাদটি ইধহমষধ জবঁঃবৎং২৪ নামে একটি কথিত অনলাইন ফেসবুক আইডি থেকে প্রকাশ করা হয়। বাস্তবে এই আইডির কোনো নিবন্ধিত গণমাধ্যম পরিচয় নেই, নেই কোনো সম্পাদকীয় কাঠামো কিংবা সাংবাদিকতার ন্যূনতম দায়বদ্ধতা। এটি মূলত কিছু নর্দমার কীটসম মানসিকতার মানুষের তৈরি একটি গুজব ছড়ানোর প্ল্যাটফর্ম।
এই ফেক নিউজটি প্রকাশের উদ্দেশ্য ছিল একটাই আমাদের সামাজিক, পেশাগত ও রাজনৈতিকভাবে চরমভাবে ক্ষতিগ্রস্ত করা এবং রাষ্ট্রীয় নিরাপত্তার মতো সংবেদনশীল ইস্যুর সঙ্গে জড়িয়ে আমাদের বিরুদ্ধে ভয়ংকর জনমত তৈরি করা। তাদের দেওয়া শিরোনাম ছিল,
“সীমান্ত পেরিয়ে ভারত পালানোর সময় কুমিল্লার দুই সাংবাদিক আটক, সাথে ২০ লক্ষ টাকার মূল্য ডলার; তদন্তে রাষ্ট্রীয় সংস্থাগুলো”
শুধু শিরোনামই নয়, ভেতরের পুরো কনটেন্ট ছিল কল্পনার ওপর দাঁড়ানো এক ভয়ংকর উপন্যাস, যেখানে একের পর এক মিথ্যা, বিকৃতি ও চরিত্রহননের উপাদান জুড়ে দেওয়া হয়েছে।
ফেক নিউজটিতে লেখা হয়-
“প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খানের সঙ্গে গোপনে সাক্ষাতের উদ্দেশ্যে ভারতে পালিয়ে যাওয়ার সময় কুমিল্লার দুই সাংবাদিককে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী। গোপন তথ্যের ভিত্তিতে নীলফামারী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।”
এখানে প্রথম মিথ্যাটি হলো,আমাদের কখনোই সীমান্ত এলাকা থেকে আটক করা হয়নি। আমরা কোনো সীমান্ত পার হওয়ার চেষ্টা করিনি। আমাদের আটক করা হয় একটি আবাসিক হোটেল থেকে, যা পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেই প্রমাণিত হয়েছে।
এরপর বলা হয়, “তাদের সঙ্গে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র বা বার্তা ছিল কিনা, কিংবা তারা কোনো আন্তর্জাতিক সংযোগের অংশ কি না তা নিয়ে অনুসন্ধান চলছে।”
এই বাক্যগুলো কোনো তথ্য নয়, বরং ভয় সৃষ্টি করার জন্য ব্যবহৃত কৌশলগত শব্দ। “রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি”, “আন্তর্জাতিক সংযোগ”, “গোপন বৈঠক”এসব শব্দ ব্যবহার করে আমাদের রাষ্ট্রদ্রোহী বা গুপ্তচর বানানোর চেষ্টা করা হয়েছে, যার কোনো আইনগত বা বাস্তব ভিত্তি নেই।
তরিকুল ইসলাম তরুণকে নিয়ে লেখা হয়েছে:
“কুমিল্লা সিডি প্যাড হাসপাতালের চাকরিজীবী কথিত সাংবাদিক”
এখানে “কথিত সাংবাদিক” শব্দটি ব্যবহার করে একজন কর্মরত সাংবাদিকের পেশাগত পরিচয় ধ্বংস করার অপচেষ্টা করা হয়েছে যার ফলশ্রুতিতে তিনি বাস্তবেই তার চাকরি হারিয়েছেন। সবশেষে লেখা হয়,
“এই ঘটনায় সরকারপক্ষের উচ্চ পর্যায়ে সতর্কতা জারি করা হয়েছে এবং এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে।”
এই বাক্যটি পুরো ফেক নিউজের চূড়ান্ত বিষবাষ্প। কোনো সূত্র নেই, কোনো প্রমাণ নেই শুধু “গভীর ষড়যন্ত্র” শব্দটি ছুড়ে দিয়ে পাঠকের মনে আতঙ্ক ও ঘৃণা সৃষ্টি করা হয়েছে।
এই তথাকথিত সংবাদটি সাংবাদিকতা নয়,এটি একটি ডিজিটাল অপপ্রচার, একটি চরিত্রহননের স্ক্রিপ্ট, যা রাষ্ট্রীয় নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয়কে ব্যবহার করে লেখা হয়েছে।
এই অধ্যায়টি ভবিষ্যতের পাঠকদের জন্য একটি সতর্কবার্তা যে, ফেক নিউজ কেবল মিথ্যা নয়, এটি মানুষের জীবন, পেশা ও সম্মান ধ্বংস করার এক ভয়ংকর অস্ত্র।
তারা কারা, যারা আমাকে নিঃশেষ করে দিতে চেয়েছিল,আর কী ছিল আমার অপরাধ
কুমিল্লার মূলধারার সাংবাদিক বলি, হলুদ সাংবাদিক বলি, কিংবা সাংবাদিকতার নাম ব্যবহার করা নর্দমার কীটদের কথাই বলি না কেন , মহান আল্লাহ পাককে সাক্ষী রেখে বলতে পারি, আমার প্রায় তিন দশকের সাংবাদিকতা জীবনে কারও সঙ্গে এমন কোনো সম্পর্ক বা বিরোধ তৈরি হয়নি, যার জেরে কেউ পেছন থেকে আমার বিরুদ্ধে এমন ভয়ংকর ষড়যন্ত্র করতে পারে। এমন ষড়যন্ত্র, যা আমার জীবনকে হুমকির মুখে ঠেলে দেবে, আমাকে কারাগারে পাঠানোর আয়োজন করবে কিংবা আমার অস্তিত্বকেই নিশ্চিহ্ন করে দিতে চাইবে এমন শত্রু আমার জীবনে কখনো ছিল বলে আমি জানি না।
শুধু সাংবাদিকতা নয়,জন্মের পর থেকে আজ এই লেখা পর্যন্ত জীবনের কোথাও এমন কোনো ব্যক্তিগত শত্রুতার কথাও আমার জানা নেই, যারা আমাকে ধ্বংস করার জন্য এত দূর যেতে পারে। কুমিল্লার মূলধারার সাংবাদিক কিংবা গণমাধ্যমকর্মীদের সঙ্গে আমার পেশাগত প্রতিযোগিতা থাকতে পারে। আমরা যারা স্থানীয় পত্রিকার সম্পাদক, আমাদের মধ্যে মতের পার্থক্য, পেশাগত দূরত্ব কিংবা ব্যবসায়িক টানাপোড়েন থাকতেই পারে। কিন্তু এত বড় সর্বনাশ করবে, আমার জীবন ও সম্মান ধ্বংস করার জন্য এমন নির্মম পথ বেছে নেবে এটা মূলধারার কোনো সাংবাদিক করবে, এমন বিশ্বাস আমার ছিল না, এখনো নেই।
যাদের বিষয়ে আজ কেউ কেউ আমাকে সন্দেহ করতে বলেন, কিংবা যারা প্রকাশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা স্ট্যাটাস দিয়ে আমার বিরুদ্ধে বিষোদ্গার করছেন আল্লাহকে হাজির-নাজির রেখে বলছি, তাদের কারও সঙ্গে আমার জীবনে ন্যূনতম কটু কথা বিনিময় তো দূরের কথা, কোনো দিন তুই-তোকারির সম্পর্কও হয়নি। আমি যাদের সঙ্গে কখনো চলাফেরা করিনি, যাদের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বা পেশাগত সম্পর্কই ছিল না তারাই আজ কীভাবে আমার শত্রু হয়ে উঠল, এই প্রশ্নের উত্তর একমাত্র আল্লাহ এবং তারাই দিতে পারবে।
ফেসবুকে তারা প্রকাশ্যে আমার বিরুদ্ধে অসংখ্য লেখা লিখেছে। অথচ আমি কোনো দিন তাদের একটি লেখারও প্রতিবাদ করিনি। পাল্টা কোনো স্ট্যাটাস দিইনি, কোনো মন্তব্য করিনি। নীরব থেকেছি সচেতনভাবে। কারণ আমি বিশ্বাস করি মিথ্যার বিরুদ্ধে সর্বোত্তম প্রতিবাদ অনেক সময় নীরবতা, সময় আর সত্য নিজেই।
আমার সাংবাদিকতা, সাংগঠনিক তৎপরতা, টকশো উপস্থাপনা, বই লেখা, কলাম লেখা এই বহুমাত্রিক কাজের কারণে কেউ কেউ ঈর্ষান্বিত হতে পারে, এটুকু আমি মেনে নিই। একটি বড় স্থানীয় পত্রিকা হাউস পরিচালনা করতে গিয়ে ভেতরে-বাইরে কখনো তিক্ততা তৈরি হতে পারে, কথার ভুল বোঝাবুঝি হতে পারে। কিন্তু এসব কারণেই নীলফামারীর মতো একটি ভয়াবহ ট্রাজেডি ঘটানো হবে আল্লাহকে সাক্ষী রেখে আবারো বলছি, তা এখনো আমার বিশ্বাসের বাইরে।
মূলধারার সাংবাদিকদের বাইরেও যারা প্রকাশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে হেয় করে মিথ্যা ও কল্পকাহিনী লিখে চলেছে, তাদের কারও সঙ্গেই আমার কোনো বন্ধুত্ব নেই, আবার শত্রুতাও নেই। অর্থাৎ, তাদের সঙ্গে আমার কখনো কোনো সম্পর্কই ছিল না। তবুও তারা আমাকে লক্ষ্য করে লিখে যাচ্ছে। আমি কোনো দিন তাদের এসব মিথ্যা ও ভিত্তিহীন লেখার জবাবে পাল্টা কিছু লিখিনি।
তাদের সাংবাদিকতা নিয়েও আমি কখনো প্রকাশ্যে অভিযোগ করিনি। কিন্তু যেহেতু আমি কুমিল্লার একটি বড় পত্রিকার সম্পাদকের দায়িত্বে আছি, তিন দশকের বেশি সময় ধরে এই নগরে সাংবাদিকতা ও সাংগঠনিক কাজে যুক্ত, সাংবাদিক সমিতির মতো একটি বড় সংগঠনের নেতৃত্বে রয়েছি তাই জেলার বিভিন্ন প্রান্ত থেকে শুভানুধ্যায়ীরা অনেক সময় হলুদ সাংবাদিকতা নিয়ে আমার কাছে বিচার দেন। তখন আমি কখনো কারো নাম উল্লেখ না করে সাধারণভাবে লিখেছি হলুদ সাংবাদিকতা যেন প্রকৃত সাংবাদিকতায় রূপ না নেয়, মানুষ যেন সচেতন হয়।
হতে পারে, হলুদ সাংবাদিকতা নিয়ে আমার সেই লেখাগুলোই কারও আক্রোশের কারণ হয়েছে। কিন্তু এই কারণেই কি কেউ আমার জীবন বিপন্ন করতে পারে? এই প্রশ্নের উত্তর আজও আমি খুঁজে পাই না।
আমি জীবনে কোনো দিন কোনো হলুদ সাংবাদিকের নাম ধরে একটি শব্দও লিখিনি বা বলিনি। এমন কোনো উদাহরণ নেই। এমনকি নীলফামারীর মতো এত বড় ঘটনার পরও, যাদের বিষয়ে সন্দেহ করা হচ্ছে, এমনকি কোনো একটি গোয়েন্দা সংস্থা আকারে-ইঙ্গিতে যে দু-একজনের নাম বলেছে এই লেখা লেখার সময় পর্যন্তও আমি তাদের নাম প্রকাশ্যে বা অপ্রকাশ্যে কোথাও লিখিনি, কারো কাছে বলিনি। আইনগত ব্যবস্থাও গ্রহণ করিনি।
এই সবকিছু করার সুযোগ আমার ছিল, আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে। কিন্তু আমি বিশ্বাস করি সময়ই সবচেয়ে বড় বিচারক। সত্য কখনো চিরকাল চাপা থাকে না।
এই অধ্যায়টি তাই কোনো অভিযোগনামা নয় এটি একজন মানুষের বিস্ময়, বেদনা ও আত্মসমালোচনার দলিল। যেখানে প্রশ্ন আছে, উত্তর নেই; সন্দেহ আছে, কিন্তু প্রতিশোধ নেই; ক্ষত আছে, কিন্তু ঘৃণা নেই।
চলবে।