শাহাজাদা এমরান রচিত ‘নীলফামারী ও আমার দায়’ আমি প্রতিবাদী সাংবাদিক, কিন্তু প্রতিবাদী অভিভাবক নই

ধারাবাহিক সিরিজ, মূল পাণ্ডুলিপি থেকে-২৩
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ ঘন্টা আগে

আমার সম্মানিত পাঠকদের অবগতির জন্য বিনীতভাবে বলছি,জীবনের কোনো পর্যায়েই আমার ভেতরে প্রতিশোধপরায়ণ কোনো মনোভাব জন্ম নেয়নি। রাগ করে দীর্ঘদিন কারও সঙ্গে কথা না বলে থাকার ক্ষমতাও আমার নেই। ভুল যারই হোক, আমি বরাবরই স্বপ্রণোদিত হয়ে আগে এগিয়ে গেছি, কথা বলেছি, সম্পর্কের জট খুলে দিতে চেয়েছি। কারণ আমি বিশ্বাস করি,মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ভেঙে ফেলার চেয়ে, জোড়া লাগানোই অনেক বেশি মানবিক, অনেক বেশি সাহসের কাজ। ৫ আগস্টের আগ পর্যন্ত দৈনিক আমাদের কুমিল্লা এবং অনলাইন নিউজ পোর্টাল কুমিল্লার জমিন-এর আলো-বাতাসে যাঁরা বেড়ে উঠেছেন, তাঁদের অনেকেই ব্যক্তিগতভাবে আমার অকৃপণ সহযোগিতার প্রত্যক্ষ সাক্ষী। একসময় তাঁরা আবেগভরে বলতেন “ভাই (শাহাজাদা এমরান) কে আমরা কোনো আনন্দের দিনে না পেলেও, জীবনের প্রতিটি প্রয়োজনে, দুঃখের প্রতিটি মুহূর্তে পাশে পেয়েছি মুক্তির দূতের মতো।” কেউ কেউ অতিশয় আবেগে এমন কথাও বলেছেন, তাঁদের চামড়া দিয়ে আমার পায়ের জুতা বানিয়ে দিলেও নাকি আমার প্রতি তাঁদের ঋণ শোধ হবে না। অথচ, এই কথাটি বলার মানুষটিই এখন আমার সবচেয়ে বড় কু সমালোচক।
সময়ের নির্মম পরিহাস ৫ আগস্টের পর, কেউ আমার হাউস ছেড়ে যাওয়ার পর, আবার কাউকে আমি বিদায় দেওয়ার পর তাঁদের মুখে এমন কোনো কথা নেই, যা সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা প্রকাশ্যে-অপ্রকাশ্যে বলা হয়নি। আজও কেউ কেউ সেই পথেই হাঁটছেন।
আমি চাইলে তাদের “শিক্ষা” দিতে পারতাম। ইনশাআল্লাহ, মহান আল্লাহর রহমতে আমার একটি ইশারাই যথেষ্ট হতো। এখনো সেই সুযোগ আছে। তবুও আজ পর্যন্ত আমি কাউকে ডেকে একবারও জিজ্ঞেস করিনি, “তুমি আমাকে নিয়ে এসব কথা কেন বলছ?”
কারণ আমি জানি,প্রশ্ন করলেই অনেক সময় সম্পর্ক ভেঙে যায়। নীরবতা কখনো কখনো সম্পর্ক টিকিয়ে রাখার শেষ আশ্রয় হয়ে ওঠে। সেই আশ্রয়টুকু আমি দূরে অবস্থান করেও আগলে রাখার চেষ্টা করেছি।
আমার এমনও এক সহকর্মী ছিল, যাঁর বিরুদ্ধে গেল সরকারের আমলে তৎকালীন ক্ষমতাবান মহল ভিন্নধর্মী ইসলামিক রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রশ্ন তুলে আমাকে নানাভাবে হয়রানি করেছে। সেই সহকর্মীর চৌদ্দগোষ্ঠীও ঐ রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয় এই মর্মে সে আমাকে নিশ্চিত করার পর আমি সর্বোচ্চ পর্যায়ে গিয়ে তার পক্ষে দাঁড়িয়েছি। তাকে নিয়ে আমার বহুবার শালিস বসাতে হয়েছে যা ছিল আমার জন্য ভীষণ অস্বস্তিকর। কৃতজ্ঞতার আবেগ সামলাতে না পেরে সেই সহকর্মী একসময় আমার বাসায় এসে জীবন বন্ধুকে পর্যন্ত বলে গেছে,ভাই শাহাজাদা এমরানের প্রতি তার অগাধ শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার কথা। অথচ ৫ আগস্টের পটপরিবর্তনের পর সেই মানুষটিই সবচেয়ে বেশি কুৎসা রটিয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় আমার হাউসের অনেকেই বলেছিল,ঘাপটি মেরে থাকা এই ছেলেটিই সুযোগ পেলে আপনার সবচেয়ে বেশি ক্ষতি করবে। আজ সে আপনার ছায়ায় বড় হচ্ছে। তার অনেক সমালোচনা আমাকে ব্যক্তিগতভাবে গভীরভাবে আঘাত করলেও আজও আমি তাকে নিয়ে কোনো মন্তব্য করিনি।
আরেকজন সহকর্মীর কথা বলি, যাকে আমি হাতে মাইক্রোফোন তুলে দিয়ে কথা বলা শিখিয়েছি। যে একসময় পঞ্চাশ থেকে একশ শব্দের বেশি একটি সংবাদ লিখতেই পারত না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কর্মসূচির বাইরেও যে সাংবাদিকতার বিশাল এক জগৎ আছে,সে বোধ যার মধ্যে তখনও জন্মায়নি। আমি অনেককে রাস্তা থেকে তুলে এনে জাতীয় মানের সাংবাদিক হওয়ার পথ দেখিয়েছি এ কথা অহংকার করে বলছি না; বলছি ইতিহাসের দায়বদ্ধতা থেকে।
৩ আগস্ট ২০২৪ আমার অফিসে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যে সহকর্মী সম্মানিত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছিল, ৫ আগস্টের পর সেই অতিথিকেই যখন আমি টকশোতে আমন্ত্রণ জানাই, তখন সেই একই সহকর্মী প্রকাশ্যে ফেসবুকে ঘোষণা দিয়ে যৌথ বাহিনীকে উসকানি দেওয়ার ব্যর্থ চেষ্টা করে লিখেছে, “বাগিচাগাঁওয়ের একটি পত্রিকা অফিসে ডেভিল হান্টদের নিয়ে টকশো হচ্ছে/হবে।” উদ্দেশ্য ছিল একটাই আমার টকশো ভণ্ডুল করা। অথচ একজন সাংবাদিক হিসেবে আজ সে যে দু’পয়সা উপার্জন করে বাবা-মা, স্ত্রী-সন্তানকে খাওয়ায়, তার যে যশ-খ্যাতি মহান আল্লাহর পর তার সবটাই আমার হাত ধরে পাওয়া। তারা স্বীকার না করলেও, আমি তা অস্বীকার করব কীভাবে?
তারপরও আজ পর্যন্ত আমি তাকে একটি প্রশ্নও করিনি। জানতেও চাইনি আমার প্রতি তার বা তাদের এই বিদ্বেষের কারণ কী।
বুকে গভীর দুঃখ চেপে, মুখে হাসি রেখে আজও আমি তাদের সঙ্গে হাত মেলাই, ভালোবাসা বিলিয়ে যাই। দেশের চরম সংকটকালে যখন আমার নিজের ও পরিবারের দিন যাচ্ছিল ভয়াবহ দুঃসময়ের মধ্য দিয়ে ঠিক তখন প্রয়োজন না থাকা সত্ত্বেও শুধু খেয়ে-পড়ে বেঁচে থাকার জন্য নিজের সর্বস্ব দিয়ে কাউকে কাউকে আশ্রয় দিয়েছি। নিজের অর্থ ব্যয় করে বাইরে থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, কর্মক্ষম করে তুলেছি। পরে সাংবাদিক হিসেবে কাজ করার সুযোগ দিয়ে প্রতিষ্ঠিত করেছি।
অথচ আমার অফিসের সবচেয়ে কঠিন সময়ে স্বার্থপরের মতো একদিন না জানিয়ে আমাকে ছেড়ে চলে যাওয়া সেই মানুষটিকেও আজ পর্যন্ত আমি একটি বাক্যে প্রশ্ন করিনি“কেন এমন করেছিলে?” যদিও সে সুযোগ পেলেই সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে খোঁচা দিতে ভুলে না।
শীতের অন্ধকার রাতে আমার আশ্রয়ে থাকা, পরবর্তীতে প্রতিষ্ঠিত হয়ে আমার কাছ থেকে দূরে সরে যাওয়া অনেকেই বাইরে গিয়ে আমার সমালোচনা করেছে। আমি কাউকে কখনো জিজ্ঞেস করিনি“তুমি বা তোমরা এসব কি বলেছ?”
রাস্তা থেকে তুলে এনে পরিপূর্ণ সাংবাদিক হয়ে আমাদের কুমিল্লা পত্রিকা ছেড়ে অন্য পত্রিকায় যোগ দিয়ে যখন এক সহকর্মী ফেসবুকে লিখল,“এখন থেকে মুক্তিযুদ্ধের পত্রিকায় কাজ শুরু করলাম”।
তখনও আমি কোনো জবাব দিইনি। বলিনি,তাহলে এতদিন কি রাজাকারের পত্রিকায় ছিলে?
আজ নগর কুমিল্লায় এমন অনেক প্রতিষ্ঠিত সাংবাদিক ও সংগঠক আছেন,যাদের হাতের আঙুল ধরে ধরে কুমিল্লার অলি-গলি, মেঠোপথ চিনিয়েছি। এ জন্য আমাকে সিনিয়র সহকর্মীদের কাছ থেকে কটু কথাও শুনতে হয়েছে।
আমার সাংবাদিকতার পেশাগত বয়স থেকে যার জন্মের বয়স অনেক কম,সেই তরুণ সহকর্মীও যখন ফেসবুকে আমার দীর্ঘ অভিজ্ঞতাকে বিদ্রূপ করে বিষোদ্গার করেছে, তখনও আমি পাথর বেঁধে বুকের ভেতর সব সহ্য করেছি। নীরব থেকেছি।
এমন উদাহরণ দিলে এই অধ্যায় আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। অনেক কিছু আমি ইচ্ছাকৃতভাবেই গোপন রেখেছি। তবে কুমিল্লার গণমাধ্যমকর্মীরা এবং উপরওয়ালা সবই জানেন।
কুমিল্লার মানুষ আমাকে সাহসী ও প্রতিবাদী সাংবাদিক হিসেবেই চেনে। এই লেখাগুলো পড়ে কেউ কেউ ভাবতে পারেন আমি হয়তো ভয় পাই বলেই প্রতিবাদ করি না। আসলে বিষয়টি তা নয়।
যারা একদিনের জন্যও আমার কাছে সাংবাদিকতা শিখেছে, আমি তাদের সবাইকে আমার সন্তানতুল্য মনে করি। সন্তান ভুল করতেই পারে। আবেগের বশে তারা আমাকে যত অপমানই করুক, যত অবমাননার চেষ্টা করুক আমি তাদের সব অপরাধ ক্ষমা করে দিই। দূরে থাকলেও মনে মনে ভালোবেসে বুকের কাছে রাখার চেষ্টা করি।
কিন্তু নীরবে স্রষ্টার কাছে বলে রাখি,
“হে মহান স্রষ্টা, আপনি সব দেখেছেন।”
জীবনের কোনো না কোনো মোড়ে তারা তাদের কর্মফলের জবাব প্রকৃতির কাছ থেকেই পাবে। আমি সেই বিচারের ভার সেখানেই ছেড়ে দিই।
এই আমি একজন প্রতিবাদী সাংবাদিক,
কিন্তু প্রতিবাদী অভিভাবক নই।
নীলফামারীর পুলিশ সুপারের বিচার কে করবে?
এই প্রশ্নটি আজ শুধু আমার নয় – এ প্রশ্ন রাষ্ট্রের বিবেকের কাছে, আইনের শাসনের কাছে, গণতন্ত্রের মৌলিক চেতনার কাছে।
নীলফামারী জেলার পুলিশ সুপার এ এফ এম তারেক হোসেন খান যিনি রাষ্ট্রের দেওয়া ক্ষমতা ও দায়িত্বকে ব্যবহার করে আমাদের দুইজন সাংবাদিককে সম্পূর্ণ অন্যায়ভাবে, প্রতিহিংসার মনোভাব নিয়ে টানা একত্রিশ ঘণ্টা আটকে রেখে নির্মম হয়রানি করেছেন। কোনো লিখিত অভিযোগ নয়, কোনো সুনির্দিষ্ট মামলা নয়, এমনকি প্রাথমিক তদন্তেও যখন আমাদের বিরুদ্ধে ন্যূনতম কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি তারপরও এই অমানবিক আচরণ চলেছে নিরবচ্ছিন্নভাবে।
এই একত্রিশ ঘণ্টা শুধু দুইজন সাংবাদিকের স্বাধীনতা হরণ নয় এই সময়জুড়ে তাঁদের পরিবারগুলোকে চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখা হয়েছে। সন্তানদের চোখে ভয়ের ছায়া, মায়ের বুকে অনিদ্রা, স্ত্রীর মুখে উৎকণ্ঠার নীরব কান্না এই দায় কে নেবে? আমাদের ব্যক্তিগত ও পেশাগত সম্মানকে যেভাবে ভূলুণ্ঠিত করা হয়েছে, তার ক্ষত কি কোনো দাপ্তরিক ব্যাখ্যায় পূরণ হবে? আরও বিস্ময়কর বিষয় হলো পুলিশ সুপারের অধীনস্থ এডিশনাল এসপি ও ডিবি বিভাগ তদন্ত করে আমাদের বিরুদ্ধে নূন্যতম কোনো অভিযোগের সত্যতা না পাওয়ার পরও, তথাকথিত “জিজ্ঞাসাবাদ”-এর নামে আমাদের নীলফামারী থেকে ঢাকা, আবার ঢাকা থেকে নীলফামারী এই দীর্ঘ পথ জুড়ে টানা হেঁচড়া করা হয়েছে। এটি কি তদন্ত, নাকি প্রকাশ্য মানসিক নির্যাতন? এটি কি আইনের প্রয়োগ, নাকি ক্ষমতার দম্ভ? আমি জানতে চাই,বাংলাদেশের প্রচলিত আইন এ বিষয়ে কী বলে? সংবিধান যেখানে নাগরিকের ব্যক্তি স্বাধীনতা ও মর্যাদার নিশ্চয়তা দেয়, সেখানে এমন আচরণের বিচার কোথায় লেখা আছে? একজন পুলিশ সুপার কি আইনের ঊর্ধ্বে? নাকি তাঁর ব্যাজই তাঁকে বিচারহীনতার সুরক্ষা দেয়?
এই প্রশ্নগুলো আমি শুধু ব্যক্তিগত ক্ষোভ থেকে তুলছি না। আমি প্রশ্ন রেখে যেতে চাই ইতিহাসের কাছে-
এমন পুলিশের জন্যই কি ২০২৪ সালে ছাত্র-জনতা অকাতরে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল?
এমন স্বেচ্ছাচার, এমন দমন-পীড়নের অবসানের জন্যই কি তরুণেরা রাজপথে প্রাণ উৎসর্গ করেছিল?
যদি একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা কোনো জবাবদিহি ছাড়াই সাংবাদিকদের হয়রানি করতে পারেন, তবে এই রাষ্ট্রে স্বাধীন সাংবাদিকতার ভবিষ্যৎ কোথায় দাঁড়ায়? গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে ভেঙে দিয়ে রাষ্ট্র কি নিজেই নিজের ভিত দুর্বল করছে না?
আমি এই বইয়ের মাধ্যমে সরকার ও দেশবাসীর কাছে স্পষ্টভাবে বিচার চাই। আমি প্রতিশোধ চাই না আমি ন্যায়বিচার চাই। আমি কারও অপমান চাই না আমি আইনের শাসনের প্রতিষ্ঠা চাই। নীলফামারীর পুলিশ সুপার এ এফ এম তারেক হোসেন খানের কর্মকাণ্ডের একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত হোক এই দাবিই আমি ইতিহাসের পাতায় রেখে যেতে চাই। কারণ বিচার না হলে অন্যায় আরও শক্তিশালী হয়, আর নীরবতা তখন অপরাধের সহযোগী হয়ে দাঁড়ায়। এই প্রশ্ন আমি রেখে গেলাম, আজ যদি এই অন্যায়ের বিচার না হয়, আগামীকাল কে নিরাপদ থাকবে?