কুমিল্লার তিতাসে সন্তানদের ভরণপোষণ না দেওয়ায় সাবেক স্ত্রীর মামলায় গ্রেপ্তার হয়েছেন বাদল ভূঁইয়া নামে এক ব্যক্তি। বুধবার বিকেলে কড়িকান্দি বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার বাদল ভূঁইয়া কলাকান্দি গ্রামের বাসিন্দা।
জানা গেছে, বাদল ভূঁইয়ার প্রথম সংসারের ১০ বছর বয়সী এক ছেলে রয়েছে। মা-বাবার বিচ্ছেদের পর থেকে ফুফুর পরিবারে বসবাস করছে ছেলেটি। ২০২১ সালে দ্বিতীয় বিয়ে করেন বাদল। এই সংসারে তিন বছরের যমজ ছেলেমেয়ে রয়েছে। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর সম্প্রতি তৃতীয় বিয়ে করেছেন বাদল। তৃতীয় স্ত্রীর আগের সংসারে একজন সাত বছর বয়সী মেয়ে সন্তান রয়েছে। কিছু দিন আগে কড়িকান্দি বাজারের ফোর স্টার টাওয়ারের দ্বিতীয় তলায় স্বামী-স্ত্রী মিলে একটি ফুসকা-চটপটির দোকান দেন। ছেলেমেয়েদের ভরণপোষণ বন্ধ করে দেওয়ায় গত ২২ জুন আদালতে মামলা করেন সাবেক স্ত্রী রাজাপুর গ্রামের সাহেদ আলীর মেয়ে হাজেরা আক্তার। পরে বাদল ভূঁইয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
তিতাস থানার ওসি শহিদ উল্যাহ জানান, বাদলের বিরুদ্ধে পরোয়ানা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।