কুমিল্লা মহানগর ইসলামী ছাত্রশিবিরে হাফেজে কোরআন সংবর্ধনা অনুষ্ঠিত

হৃদয় হাসান।।
প্রকাশ: ২ মাস আগে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে হাফেজে কোরআন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) নগরীর একটি অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক হাফেজে কোরআনকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয় এবং সম্মানিত হাফেজদের সম্মানে ইফতার প্রদান করা হয়।
মহানগর মাদ্রাসা সম্পাদক মাওলানা তরিকুল ইসলামের সঞ্চালনায় এবং কুমিল্লা মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাছান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা (টঙ্গী)-এর অধ্যক্ষ ড. হিফজুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, কোরআনের হাফেজরা জাতির গর্ব ও সম্পদ। কোরআনের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়িত হলে নৈতিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরের আমীর কাজী দ্বীন মোহাম্মদ। তিনি বলেন, কোরআনের হাফেজরা আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত। তাদের মাধ্যমে সমাজে কোরআনের আলো ছড়িয়ে পড়ে এবং মানুষ সত্য ও ন্যায়ের পথে পরিচালিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত এবং মহানগর অফিস সম্পাদক ডা. কাজী আকিব আব্দুল্লাহ। বক্তারা নতুন প্রজন্মের মাঝে কোরআনের শিক্ষা বিস্তার এবং সমাজে নৈতিকতা প্রতিষ্ঠায় হাফেজদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।