বরেণ্য সাংবাদিক -সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বীর ১০১তম জন্ম দিন আজ

শাহাজাদা এমরান।।
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

আজ কুমিল্লা থেকে প্রকাশিত ঐতিহ্যবাহী সাপ্তাহিক আমোদ-এর প্রতিষ্ঠাতা সম্পাদক, বরেণ্য সাংবাদিক মোহাম্মদ ফজলে রাব্বীর ১০১তম জন্মদিন। ১৯২৫ সালের ১ জুন তিনি কুমিল্লা নগরীর মোগলটুলীতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে।
কিংবদন্তিতুল্য এই সাংবাদিক কুমিল্লার খেলার মাঠে বসেই স্বপ্ন দেখেছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম ক্রীড়াবিষয়ক পত্রিকা প্রকাশের। ঝুঁকি ও অনিশ্চয়তার কথা জেনেও অদম্য মনোবল এবং প্রগতিশীল বন্ধুদের সহযোগিতায় ১৯৫৫ সালের ৫ মে তিনি প্রতিষ্ঠা করেন দেশের প্রথম ক্রীড়াবিষয়ক পত্রিকা সাপ্তাহিক আমোদ। কয়েক বছরের মধ্যেই কুমিল্লার মা, মাটি ও মানুষের প্রতি গভীর দায়বদ্ধতা থেকে তিনি ক্রীড়াকেন্দ্রিক এই পত্রিকাকে একটি পূর্ণাঙ্গ সাধারণ সংবাদপত্রে রূপান্তরিত করেন।
তাঁর নির্লোভ ব্যক্তিত্ব, আদর্শবাদিতা এবং মানুষের প্রতি অকৃপণ ভালোবাসার কারণেই আমোদ অল্প সময়ের মধ্যে কুমিল্লা, সিলেট ও নোয়াখালী অঞ্চলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। একই সঙ্গে তিনি তাঁর পুরো পরিবারকে আমোদ-এর সঙ্গে সম্পৃক্ত করেন। ধীরে ধীরে আমোদ একটি অনন্য পারিবারিক সংবাদপত্রে পরিণত হয়। এই ধারাবাহিক সাফল্য ও অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮৫ সালে জাতিসংঘের অঙ্গসংগঠন ইউনেস্কো আমোদ-কে এশিয়ার সেরা আঞ্চলিক সংবাদপত্র (Best Regional Newspaper) হিসেবে স্বীকৃতি প্রদান করে।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে আর্থিক সংকট তাঁর পিছু ছাড়েনি—এ কথা যেমন সত্য, তার চেয়েও বড় সত্য হলো তিনি কখনো আমোদ-এর গায়ে অপসাংবাদিকতার আঁচড় লাগতে দেননি। সংবাদপত্রকে তিনি কখনো পণ্য হিসেবে ব্যবহার করেননি। সাংবাদিকতার নীতি ও আদর্শ থেকে তিনি নিজে যেমন এক চুলও বিচ্যুত হননি, তেমনি তাঁর সহকর্মীদেরও বিচ্যুত হওয়ার সুযোগ দেননি।
পূর্ব পাকিস্তান এবং স্বাধীন বাংলাদেশ—উভয় সময়েই তিনি সাপ্তাহিক আমোদ-কে দেশের সংবাদপত্র জগতে একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন। ফলে তাঁর মৃত্যুর ২৮ বছর পরও আমোদ আজও স্বমহিমায় উজ্জ্বল, সম্মানিত ও প্রাসঙ্গিক। ৭১ বছরের পথচলায় আমোদ এখন একটি পরিণত, গৌরবময় এবং ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান।
মোহাম্মদ ফজলে রাব্বীর মৃত্যুর পর আমোদ-এর হাল ধরেন তাঁর সহধর্মিণী, বিশিষ্ট লেখিকা এবং কুমিল্লার নারী সাংবাদিকতার অগ্রদূত শামসুন নাহার রাব্বী। বর্তমানে বাবা মোহাম্মদ ফজলে রাব্বী ও মা শামসুন নাহার রাব্বীর আদর্শ ও উত্তরাধিকারকে ধারণ করে আমোদ-এর সম্পাদনার দায়িত্ব পালন করছেন তাঁদের একমাত্র পুত্র বাকীন রাব্বী। সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বকে পুঁজি করে তিনি আজও পত্রিকাটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
বরেণ্য সাংবাদিক মোহাম্মদ ফজলে রাব্বীর ১০১তম জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা, অকৃত্রিম ভালোবাসা এবং কৃতজ্ঞতা। তাঁর আদর্শ, সততা ও সাংবাদিকতার প্রতি অবিচল নিষ্ঠা আগামী প্রজন্মের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
লেখক : দৈনিক কুমিল্লার জমিন এর সম্পাদক ও সাপ্তাহিক আমোদ এর সাবেক স্টাফ রিপোর্টার,০১৭১১-৩৮৮৩০৮।০১.০৬.২৬ইং।