দেশব্যাপী সরকারের শিশুস্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৮ জুন ২০২৬) কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বামিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে “ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬”-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নির্ধারিত বয়সী প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে অপুষ্টিজনিত নানা স্বাস্থ্যঝুঁকি হ্রাস, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করা সম্ভব। এ লক্ষ্যে তারা সকল অভিভাবককে নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রের সামনে শিশুদের নিয়ে অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে তাঁদের শিশু সন্তানদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ান এবং সরকারের এই গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কর্মসূচির প্রতি আন্তরিক সমর্থন ও সম্পৃক্ততা প্রকাশ করেন।
কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগ আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা ও জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জেলার প্রতিটি যোগ্য শিশুর কাছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের সুফল পৌঁছে দেওয়া সম্ভব হবে। এর মাধ্যমে শিশুদের পুষ্টির উন্নয়ন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং রাতকানা ও অন্ধত্বসহ ভিটামিন ‘এ’-এর অভাবজনিত বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যাবে।