কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ছেলের লাশ উদ্ধার

জাহিদ হাসান নাইম ।।
প্রকাশ: ১০ ঘন্টা আগে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পার্শ্ববর্তী জঙ্গল লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার রাতে অপ্রতীমের নিখোঁজের ঘটনায় তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৩টার দিকে সদর দক্ষিণ থানার ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ী এলাকার বাসা থেকে হেঁটে বের হয় অপ্রতীম। এরপর সে আর বাসায় ফেরেনি।

নিখোঁজ ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম সিটি করপোরেশনের কোটবাড়ী গন্ধমতি এলাকার ২৪ নম্বর ওয়ার্ডের কে এম ফিরোজ শাহরিয়ারের ছেলে। সে স্থানীয় বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।

এদিকে, নিখোঁজের পরপরই ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের মা ড. নাহিদা বেগম ফেসবুকের এক পোস্টে লিখেছেন, ‘আমার ছেলেকে আমি বিকেল ৩টা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতীম। বয়স ১৩, ক্লাস সেভেনে পড়ে।’ পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে পোস্টটি।

অপ্রতীমের মরদেহ উদ্ধারের খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা তার মা ড. নাহিদা বেগম ও পরিবারের সদস্যরা।

কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।