চাঁদপুরের শাহরাস্তিতে মেয়ের জন্মদিনের কেক কিনতে যাওয়ার পথে বাসচাপায় মোটরসাইকেলচালক সৌদিপ্রবাসী আল আমিন (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার উপজেলার কৃষ্ণপুর গ্রামের মসজিদ বাড়ির আব্দুল মান্নানের ছেলে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার মৌতা বাড়ি নামক এলাকায় যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেলচালক আল আমিন ও আরেক আরোহী হৃদয় (১৯) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত্যু ঘোষণা করেন। অপর মোটরসাইকেল আরোহী হৃদয়কে চিকিৎসা দেওয়া হয়।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোরাদ জানান, চিকিৎসক জানিয়েছেন হাসপাতালে আনার আগে আল আমিন নিহত হয়েছেন। হাজীগঞ্জ থানার পক্ষ থেকে শাহরাস্তি থানা পুলিশকে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।
নিহত আল আমিনের তালাতো ভাই বাহারউদ্দিন জানান, আল আমিন সৌদিপ্রবাসী। তার একটি মেয়ে আছে। মেয়ের জন্মদিনের কেক কিনতে হাজীগঞ্জে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। রোববার সকালে তার সৌদি যাওয়ার কথা ছিলো।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।