কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯৮ নেতাকর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ ঘন্টা আগে

কুমিল্লা জেলার বিভিন্ন থানায় সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান। জেলা পুলিশ সূত্র জানায়, দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের নাশকতামূলক ও নিষিদ্ধ কর্মকাণ্ড প্রতিহত করতে জেলার সবকটি থানায় একযোগে বিশেষ এই অভিযান শুরু করা হয়।
অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪২ জন এবং বুধবার (১১ নভেম্বর) ৫৬ জনসহ দুই দিনে মোট ৯৮ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, অরাজকতা সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীরা নাশকতা সৃষ্টির চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না। জননিরাপত্তা রক্ষায় জেলা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।