শাহাজাদা এমরান রচিত ‘নীলফামারী ও আমার দায়’ মিথ্যা তথ্যদাতা কথিত সাংবাদিকদের কি কোনো বিচার হবে না?

ধারাবাহিক সিরিজ, মূল পাণ্ডুলিপি থেকে-২৪
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

মিথ্যা তথ্যদাতা হলুদ সাংবাদিকতার বিচার কি আদৌ হবে?
এই প্রশ্নটি আজ শুধু ব্যক্তিগত ক্ষোভের নয় এটি রাষ্ট্রের ন্যায়বিচার ব্যবস্থা, গণমাধ্যমের নৈতিকতা এবং নাগরিক অধিকারের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগের প্রশ্ন।
নীলফামারী জেলার পুলিশ সুপার এ এফ এম তারেক হোসেন খান কুমিল্লার কিছু দায়িত্বজ্ঞানহীন ও পেশাগত নৈতিকতাবিবর্জিত তথাকথিত সাংবাদিকের সরবরাহ করা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্যে বিশ্বাস করে আমাদের আটক রেখেছিলেন। জিজ্ঞাসাবাদের নামে যে আচরণ করা হয়েছে, তা কোনো সভ্য রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মানানসই নয়। চরম হয়রানি, মানসিক চাপ এবং অশালীন ভাষার প্রয়োগ সব মিলিয়ে এটি ছিল নাগরিক মর্যাদার প্রকাশ্য লঙ্ঘন।
আজ আমি প্রশ্ন রাখতে চাই এই মিথ্যা তথ্য সরবরাহকারীদের কি কোনো বিচার হবে না?
যাঁরা সাংবাদিকতার পবিত্র পরিচয়কে ব্যবহার করে ব্যক্তিগত আক্রোশ, প্রতিহিংসা কিংবা স্বার্থসিদ্ধির জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বিভ্রান্ত করেছেন, তাঁদের দায় কি এড়িয়ে যাওয়ার সুযোগ আছে?
একজন পুলিশ কর্মকর্তা যদি ভ্রান্ত তথ্যে প্রভাবিত হয়ে নাগরিককে হয়রানি করেন, তবে সেই ভ্রান্ত তথ্যের উৎস কি দায়মুক্ত থাকবে? সাংবাদিকতার নামে যারা তথ্য সন্ত্রাস চালায়, যারা কলমকে সত্যের জন্য নয় বরং ষড়যন্ত্রের হাতিয়ার বানায় তাদের বিরুদ্ধে কি রাষ্ট্র কোনো ব্যবস্থা নেবে না?
আজ প্রযুক্তির যুগ। ডিজিটাল ট্রেইল ধরে খুব সহজেই শনাক্ত করা সম্ভব কে কোথা থেকে, কী উদ্দেশ্যে, কীভাবে মিথ্যা তথ্য ছড়িয়েছে। রাষ্ট্র চাইলে মুহূর্তেই তাদের আইনের আওতায় আনতে পারে। প্রয়োজন শুধু সদিচ্ছা ও ন্যায়বোধের।
আমি এই বইয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্পষ্ট আহ্বান জানাচ্ছি। এই মিথ্যা তথ্যদাতা ও হলুদ সাংবাদিকতার কারিগরদের আইনের হাতে সোপর্দ করুন।
যাতে ভবিষ্যতে আর কোনো নিরপরাধ নাগরিক, কোনো সাংবাদিক, কোনো পরিবার এমন নির্মম হয়রানির শিকার না হয়। কারণ আজ যদি এই অপসংবাদিকতার বিচার না হয়, তবে আগামীকাল এই বিষবৃক্ষ আরও বিস্তৃত হবে
আর তার ছায়ায় চাপা পড়বে সত্য, ন্যায় এবং গণতন্ত্র। এই প্রশ্ন আমি রেখে যাচ্ছি সময়ের আদালতে। মিথ্যার কারবারিরা কি চিরকালই বিচারহীন থাকবে?
মিথ্যা তথ্যদাতা কথিত সাংবাদিকদের কি কোনো বিচার হবে না?
নীলফামারীর পুলিশ সুপার এ এফ এম তারেক হোসেন খান যে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের ওপর নির্ভর করে আমাদের দুইজন সাংবাদিককে দীর্ঘ সময় আটক রেখে জিজ্ঞাসাবাদের নামে চরম হয়রানি করেছেন, তার দায় শুধু প্রশাসনের একক নয় এর পেছনে রয়েছে কিছু দায়িত্বহীন, নৈতিকতাবর্জিত তথাকথিত সাংবাদিকের সরবরাহ করা ভিত্তিহীন তথ্য।
এই ব্যক্তিরা নিজেদের সাংবাদিক পরিচয়ে আড়াল করে প্রশাসনের কাছে এমন সব মনগড়া, অসত্য ও কুৎসিত গল্প উপস্থাপন করেছেন, যার ফলে আমাদের ব্যক্তিগত স্বাধীনতা ক্ষুণ্ন হয়েছে, পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে এবং দীর্ঘদিনের পেশাগত সুনাম মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। জিজ্ঞাসাবাদের নামে অকথ্য ভাষা, অবমাননাকর আচরণ ও মানসিক নিপীড়নের যে অভিজ্ঞতার ভেতর দিয়ে আমাদের যেতে হয়েছে তার নৈতিক ও আইনগত দায় কি কেবল ভুক্তভোগীদের কাঁধেই থেকে যাবে?
প্রশ্ন উঠতেই পারে যাঁরা মিথ্যা তথ্য তৈরি করে প্রশাসনকে বিভ্রান্ত করলেন, যাঁদের উদ্দেশ্য ছিল চরিত্রহনন, পেশাগত ধ্বংস এবং ব্যক্তিগত প্রতিশোধ তাঁদের বিরুদ্ধে কি রাষ্ট্রের কোনো জবাবদিহি নেই? প্রযুক্তির এই যুগে, যেখানে প্রতিটি কল, প্রতিটি পোস্ট, প্রতিটি ডিজিটাল ছাপ সহজেই শনাক্ত করা সম্ভব, সেখানে এই মিথ্যা তথ্যদাতাদের আইনের আওতায় আনা কি অসম্ভব?
আজ ন্যায়বিচারের স্বার্থে দাবি উঠছে এই অপসংস্কৃতির অবসান হোক। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করা হোক, যাতে ভবিষ্যতে কোনো দায়িত্বহীন ব্যক্তি আর কোনো নিরপরাধ নাগরিককে এভাবে হয়রানির শিকার করতে সাহস না পায়।
কারণ বিচারহীনতার সংস্কৃতি টিকে থাকলে কেবল ব্যক্তি নয় ক্ষতিগ্রস্ত হয় সাংবাদিকতা, ক্ষতিগ্রস্ত হয় রাষ্ট্র, ক্ষতিগ্রস্ত হয় গণতন্ত্র। এই প্রশ্ন তাই শুধু আমার বা আমাদের নয় এ প্রশ্ন সমাজের, রাষ্ট্রের এবং ন্যায়বিচার প্রত্যাশী প্রতিটি মানুষের।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক : সহমর্মিতা, বিভ্রান্তি ও ফ্যাক নিউজের নির্মম বাস্তবতা
২৮ জুন ২০২৫ দুপুর গড়িয়ে যাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অস্বাভাবিকভাবে সরব হয়ে ওঠে আমাদের তথাকথিত ‘নিখোঁজ’ সংবাদের কেন্দ্র করে। কুমিল্লায় ফিরে এসে জানতে পারি, শত শত ফেসবুক আইডি থেকে আমার ও তরিকুল ইসলাম তরুণের ছবি ব্যবহার করে দোয়া চাওয়া হয়েছে। আমাদের নিখোঁজ হওয়ার সংবাদটি মুহূর্তের মধ্যেই কুমিল্লা ছাড়িয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে।
চেনা-জানা নেই এমন অসংখ্য মানুষও ফেসবুকে আমাদের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন, দোয়ার আবেদন জানিয়েছেন। “সাংবাদিক শাহাজাদা এমরানসহ দুই সাংবাদিক নীলফামারীতে গিয়ে নিখোঁজ”এই শিরোনামটি অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
ঠিক সেই সময়টিতে আমার পরিবারের ভেতর দিয়ে বয়ে যাচ্ছিল এক ভয়াবহ মানসিক ঝড়। কোনো খোঁজ না পেয়ে পরিবার ছিল দিশেহারা। দশম শ্রেণিতে পড়ুয়া আমার একমাত্র কন্যা সাবিকুন নাহার দিবা কান্নায় ভেঙে পড়ে মায়ের আঁচলে মুখ লুকিয়ে বাবাকে খুঁজে দেওয়ার আকুতি জানাচ্ছিল। আমার একমাত্র পুত্র শাহাজালাল সরকার আবির নিজের আসন্ন এইচএসসি পরীক্ষার কথা প্রায় ভুলেই গিয়েছিল । বাবার চিন্তায় সে ছিল প্রায় পাগলপ্রায়। জীবনসঙ্গী সহকর্মীদের নিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছিলেন কুমিল্লার এসপি, ওসি, সংশ্লিষ্ট দপ্তরের দরজায় দরজায়।
এই দুঃসময়েই দেশের বিভিন্ন প্রান্তে আমার দীর্ঘদিনের শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীরা ধর্ম-বর্ণ নির্বিশেষে স্রষ্টার কাছে প্রার্থনায় নত হয়েছিলেন মসজিদে জায়নামাজে, মন্দিরে, গির্জায়, উপাসনালয়ে।
ঠিক সেই মুহূর্তেই কিছু দায়িত্বহীন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়াবহ এক ফ্যাক নিউজ ছড়িয়ে দেয় আমি ও তরিকুল ইসলাম তরুণ নাকি ২০ হাজার ডলার নিয়ে নীলফামারী সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেছি; যৌথ বাহিনী আমাদের আটক করে বিজিবির হাতে দিয়েছে; সেখান থেকে নাকি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং রিমান্ডের প্রস্তুতি চলছে!
এই সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত সংবাদ একদিকে যেমন প্রশাসনকে বিভ্রান্ত করেছে, অন্যদিকে তেমনি আমার প্রায় ৩২ বছরের সাংবাদিকতা জীবনে অর্জিত সুনামকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়েছে। শুধু তাই নয় আমি ও তরুণ যে দুটি জাতীয় দৈনিকে কর্মরত, সেখান থেকে আমাদের বাদ দেওয়ার উদ্দেশ্যও এই অপপ্রচারের পেছনে সুস্পষ্ট হয়ে ওঠে।
এই বিভ্রান্তি যে কতটা গভীর ছিল, তার প্রমাণ দৈনিক দিনকালের সঙ্গে আমার সম্পৃক্ততার কারণে সুদূর লন্ডন থেকে আমাদের ভারপ্রাপ্ত সম্পাদক জনাব তারেক রহমান মহোদয় পর্যন্ত ফোন করে ঘটনার বিস্তারিত জানতে চেয়েছেন।
পরে ছেড়ে দেওয়ার দিন নীলফামারীর এক পুলিশ কর্মকর্তা আক্ষেপ করে বলেছিলেন “ফেসবুকে যা দেখেছি, তাতে তো মনে হচ্ছিল আপনাদের সীমান্ত থেকে আটক করা হয়েছে।” আমি তখন স্পষ্ট করে বলেছি আমাদের হোটেল থেকে আনা হয়েছে, সীমান্তের গল্পটি সম্পূর্ণ সাজানো। কিছু দায়িত্বজ্ঞানহীন ব্যক্তির অপপ্রচারের কারণে একটি জেলার সম্মানকে প্রশ্নবিদ্ধ করা যায় না।
পরবর্তীতে দেখেছি, এই ভুয়া সংবাদের রেফারেন্স দেখিয়েই তরিকুল ইসলাম তরুণকে দৈনিক মানবকণ্ঠ থেকে বাদ দেওয়া হয়েছে। এমনকি যাঁরা শুরুতে আমাদের জন্য নীলফামারীর পুলিশ সুপারের কাছে তদবির করছিলেন, তাঁরাও একপর্যায়ে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। আমার কর্মস্থল দিনকালেও এই ভুয়া সংবাদের লিংক পাঠানো হয়।
প্রিয় পাঠক, আবারও বলছি যাঁরা আমার বিরুদ্ধে এই কাজগুলো করেছেন, তাঁদের সঙ্গে আমার কখনো কোনো ঘনিষ্ঠতা ছিল না; এমনকি সাধারণ সৌজন্য সম্পর্কও নয়। কেন, কী উদ্দেশ্যে, কোন স্বার্থে তাঁরা এই নোংরা খেলায় নেমেছেন সে প্রশ্নের উত্তর আজও আমার অজানা। জানি না, জীবনের শেষ প্রান্তে পৌঁছানোর আগে আমি সেই মানুষগুলোকে পুরোপুরি চিনে নিতে পারব কি না। ২৯ জুন ২০২৫ নীলফামারী থেকে আমি কুমিল্লায় ফিরে আসি। ফিরে এসে উপলব্ধি করি, ফেসবুক একদিকে যেমন মানুষের সহমর্মিতা ও ভালোবাসার শক্তিশালী মাধ্যম, অন্যদিকে দায়িত্বহীন হাতে পড়লে সেটিই হয়ে উঠতে পারে চরিত্রহনন, বিভ্রান্তি ও মানবিক বিপর্যয়ের ভয়ংকর অস্ত্র। এই অধ্যায় তাই শুধু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা নয় এটি আমাদের সময়ের সামাজিক যোগাযোগমাধ্যমের এক নির্মম দলিল। চলবে।